Skip to main content

সম্পাদক পরিচিতি

(অধ্যাপক ডাঃ এ এইচ মোহাম্মদ ফিরোজ )   

অধ্যাপক ডাঃ এ এইচ মোহাম্মদ ফিরোজ ১৯৫৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ১৯৮৮ সালে এফসিপিএস পরীক্ষা সাফল্যজনক সমাপ্তির পর ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্বে নিয়োজিত হন।

তার কাজের ধারাবাহিকতার সাফল্য হিসেবে তিনি অনধিক ২০টিরও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন। ২০০১ সালে তার অভিজ্ঞতা, শিক্ষকতা, গবেষণা ও মানসিক রোগের জ্ঞানের ওপর ব্যাপকতার যাচাই সাপেক্ষে যুক্তরাষ্ট্রের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস তাকে এম. আর. সি. পি ও এফ. আর. সি. পি ডিগ্রী সম্মাননা হিসেবে প্রদান করেন। বাংলাদেশের মধ্যে তিনিই প্রথম এই বিরল সমমানের অধিকারী হন। শিক্ষকতার যোগ্যতা ও মেধা যাচাই সাপেক্ষে জানুয়ারি ২০০২ সালে তিনি প্রফেসর অব সাইকিয়াট্রি নিযুক্ত হন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটে পরিচালক ও অধ্যাপক পদে যোগদান করেন। একই বছরের মে মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য ও জুন মাসে জাতীয় এইড্‌স (টেকনিক্যাল) কমিটির সদস্য পদে মনোনীত হন।

মানসিক রোগ চিকিৎসা শাস্ত্রে তিনি ৪টি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

তিনি দৈনিক পত্রিকাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিতভাবে মানসিক স্বাস্থ্যের ওপর প্রবন্ধ লেখেন। বাংলা ও ইংরেজি মিলে তার ২০টিরও অধিক বই রয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম মানসিক স্বাস্থ্য বিষয়ক পত্রিকা মনোজগত ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক পত্রিকা হেল্‌থ তিনিই সসপাদনা করেন।